হাওজা নিউজ এজেন্সি: বক্তারা বলেছেন, বিশ্বমানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আহলে বাইত আতহার (আ.)-এর অন্যতম সদস্য, ইসলামের পঞ্চম খলিফা রাশিদ ও জান্নাতের সরদার হযরত ইমাম হাসান (আ.)-এর জীবনাদর্শে শান্তি, উদারতা, সংযম ও প্রজ্ঞার যে শিক্ষা নিহিত রয়েছে, তা বর্তমান বিশ্বে বিশেষভাবে প্রাসঙ্গিক। মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণের জন্য তাঁর প্রদর্শিত নৈতিক ও আধ্যাত্মিক পথ অনুসরণ করা প্রয়োজন।
মিনহাজ-উল-কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘হযরত ইমাম হাসান (আ.), হযরত ইমাম রেজা (আ.), হযরত আম্মার বিন ইয়াসির (রা.) ও হযরত শায়খ আহমদ সেরহিন্দী মুজাদ্দেদে আলফে সানী (রহ.) স্মারক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

গত ১ আগস্ট বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিনহাজ-উল-কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদ্য গঠিত জাতীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
সভায় বক্তারা বলেন, ইমাম হাসান (আ.)-এর জীবন ছিল শান্তি, সহমর্মিতা ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শে রয়েছে বিভেদ পরিহার, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায় ও শান্তির পথে অবিচল থাকার শিক্ষা। বর্তমান সময়ে মুসলিম বিশ্বে বিদ্যমান বিভাজন ও সংঘাত নিরসনে তাঁর দেখানো আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মিনহাজ-উল-কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপদেষ্টা ড. এ কে এম মাহবুবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মাওলা শাইখ মুশতাক আহমেদ মুজাহিদী পাঞ্জাতনী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ভাইস প্রেসিডেন্ট ড. ওসমান মেহেদী, বিশিষ্ট আইনবিদ ও ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট সাবির খন্দকার, ট্রেজারার জানার ইকবাল হোসেন বাপ্পী, ওয়েলফেয়ার সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, দাওয়াহ সেক্রেটারি শাইখ শাহ আবু তাহমিদ এবং মিডিয়া সেক্রেটারি শাইখ আবু সালেহ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন ঢাকা বিভাগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মাদ মাসুদুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহীদুল আলম রিজভী, ইসলামি স্কলার মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা ক্বারী মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা মুহাম্মাদ হারুন-অর-রশীদ, মুহাম্মাদ তোফায়েল আহম্মেদ, মিনহাজ-উল-কুরআন ইয়ুথ ফোরামের সভাপতি শাহীনুর ইসলাম ও সেক্রেটারি চৌধুরী আইনুল আদনানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, হযরত ইমাম হাসান (আ.)-এর আদর্শ শুধু একটি ঐতিহাসিক স্মৃতি নয়; বরং তা শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ, নৈতিক উন্নয়ন ও মানবকল্যাণের জন্য একটি কার্যকর পথনির্দেশনা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিলাদ-কিয়াম ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
আপনার কমেন্ট